• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

কমরেড আবদুস সাত্তার খান

Editorial panel
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫
কমরেড আবদুস সাত্তার খান

বাংলাদেশ কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ, গণ—বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খান ।

আবদুস সাত্তার খান ছিলেন একজন অত্যন্ত পরিবেশ সচেতন মানুষ। পরিবেশ বিধ্বংসী সকল পরিকল্পনার তিনি বিরোধিতা করতেন। তাঁর জীবনব্যাপী অভিজ্ঞতা হচ্ছে- ‌‘বাংলাদেশ কৃষকের দেশ, তাই দেশ বাঁচাতে কৃষক বাঁচাতে হবে’।

কমরেড আবদুস সাত্তার খান তাঁর জীবদ্দশায়ই কিংবদন্তিতুল্য কৃষক নেতায় পরিণত হয়েছেন। তাঁর নেতৃত্বের গুণাবলি আজকের প্রজন্মের কৃষক আন্দোলনের সাথে যুক্ত নেতা নেত্রীদের জন্য পাথেয় হয়ে থাকবে। আবদুস সাত্তার খান ছিলেন একজন বৈষয়িক চিন্তামুক্ত, সৎ, সাহসী ও আদর্শিক নেতা যিনি সর্বদা ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরোধী ছিলেন।

তিনি দেশের কৃষক ও তার সমস্যা গভীরভাবে অনুধাপন করতে সক্ষম হয়েছিলেন। যে কারনে ভূমির অধিকার যে খাদ্য-সার্বভৌমত্বের সাথে গভীরভাবে সম্পর্কিত তা তিনি গত শতকের সত্তরের দশকেই উপলব্ধি করেছিলেন। ফলে ভূমিতে কৃষকের অধিকার প্রতিষ্ঠায় তিনি খাসজমির আন্দোলন শুরু করেন। সে আন্দোলনের ফসল আজ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন কৃষকরা ভোগ করছে। ভূমিহীন কৃষক ভূমির অধিকারপ্রাপ্ত হয়ে সামান্য হলেও মর্যাদার জীবনযাপন করছে। আর খাদ্যসার্বভৌমত্বের গোড়ার কথাই হচ্ছে ভূমিতে কৃষকের অধিকার।

তিনি কৃষকের সার্বভৌমত্ব হরণকারী বহুজাতিক কৃষি ব্যবসায় কোম্পানির তীব্র বিরোধিতা করতেন। ‘সবুজ বিপ্লব’ যে কৃষকের বীজের উপর অধিকার কেড়ে নিবে তা বুঝার মত দূরদর্শিতা তার তখনই ছিল। তাই তিনি বহুজাতিক কৃষি ব্যবসায় কোম্পানি হঠিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বীজ সংরক্ষণ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতেন।